ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
০৯ জানুয়ারি ২০২৪ ০৩:৪৪
ছবি: সংগৃহীত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বিতীয় সর্বোচ্চ
ভোট পেয়ে জয়ী হয়েছেন সিরাজগঞ্জ-১ আসনের তানভীর শাকিল জয়।
কাজীপুর-সদর উপজেলার পাঁচটি ইউনিয়ন নিয়ে
গঠিত এ আসনে তিনি পেয়েছেন ২ লাখ ৭৮ হাজার ৯৭১ ভোট।
ভোট সংখ্যার দিক থেকে সারা দেশে দ্বিতীয়
সর্বোচ্চ ভোট পেয়ে তৃতীয়বারের মত সংসদ সদস্য নির্বাচিত হলেন তিনি। প্রকৌশলী তানভীর
শাকিল জয় প্রয়াত স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিমের ছেলে।
সিরাজগঞ্জ-১ আসনটিতে আওয়ামী লীগের শক্ত ভিত্তি
স্থাপন করে যান জয়ের পিতামহ জাতীয় নেতা এম মনসুর আলী।
বিএনপির সুসময়েও এখানে প্রার্থীদের জামানত
টেকানো কঠিন হত। তার পূর্ব সূরীদের পথ অনুসরণ করে আসনটিতে আওয়ামী লীগের অবস্থান আরও
পাঁচ বছরের জন্য পাকাপোক্ত করলেন জয়।
এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৯৮ হাজার
৬৭৭। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৯৫ হাজার ১৬৬ এবং নারী ভোটার ১ লাখ ৯৯ হাজার ৫৫৯ জন।
এ ছাড়া হিজড়া রয়েছেন ২ জন। গত ৭ জানুয়ারির নির্বাচনে এ আসনে ভোট দেন ৭২ দশমিক ৩১ শতাংশ
ভোটার।
মোট ভোট পড়ে ২ লাখ ৮৫ হাজার ৪২৩টি। এর মধ্যে
২ লাখ ৭৮ হাজার ৯৭১ ভোট পেয়েছেন নৌকা প্রতীকের আওয়ামী লীগের প্রার্থী প্রকৌশলী তানভীর
শাকিল জয়।
তার নিকটতম প্রতিদ্বন্দী লাঙ্গল প্রতীকের
জাতীয় পার্টির প্রার্থী পেয়েছেন ৩ হাজার ১৩৯ টি ভোট। মোট প্রদেয় ভোটের শতকরা ৯৭ দশমিক
৭৩ ভাগ ভোট পেয়েছেন তানভীর শাকিল জয়।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল বিশ্লেষণে
দেখা গেছে, এবারের নির্বাচনে সর্বোচ্চ ভোট পাওয়াদের তালিকায় রয়েছেন আওয়ামী লীগ সভাপতি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া)
আসন থেকে নৌকা প্রতীকে ২ লাখ ৪৯ হাজার ৯৬২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী
স্বতন্ত্র প্রার্থী ৪৬০ ভোট পেয়েছেন। এ আসনে ভোটার সংখ্যা ২ লাখ ৯০ হাজার ৮১৩। এর মধ্যে
ভোট পড়েছে ৮৬ দশমিক ১১ শতাংশ।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে
সর্বোচ্চ বেশি ভোট পেয়ে এমপি হয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম
সেলিম। তিনি গোপালগঞ্জ-২ আসনে ২ লাখ ৯৫ হাজার ২৯৪ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী
স্বতন্ত্র প্রার্থী পেয়েছেন ১ হাজার ৫১৪ ভোট। এ আসনে ভোটার সংখ্যা ৩ লাখ ৬০ হাজার ৬৩৩।
এখানে ভোট পড়েছে ৮২ দশমিক ৩০ শতাংশ।
এসএএল/