বগুড়া সংবাদদাতা

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


১৯ নভেম্বর ২০২৪ ০২:৫৪



সালমা হত্যাকাণ্ড, দুই আসামির আদালতে স্বীকারোক্তি

বগুড়া সংবাদদাতা, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

১৯ নভেম্বর ২০২৪ ০২:৫৪

সালমা হত্যাকাণ্ড, দুই আসামির আদালতে স্বীকারোক্তি

ছবি: সংগৃহীত

বগুড়ার দুপচাঁচিয়ায় গৃহবধূ উম্মে সালমাকে হত্যার পর তার মরদেহ ডিপফ্রিজে রাখার ঘটনায় আটক দুই আসামি মাবিয়া ও সুমন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। রবিবার রাতে বগুড়ার অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ ও ৪ এর বিচারকের কাছে তারা পৃথকভাবে এই জবানবন্দি দেন। এরপর তাদের কারাগারে পাঠানো হয় বলে নিশ্চিত করেছেন কোর্ট ইন্সপেক্টর মোসাদ্দেক হোসেন।  

এর আগে, শুক্রবার একই মামলায় আটক মোসলিম আদালতে স্বীকারোক্তি দিয়েছিলেন। এ নিয়ে তিনজনের স্বীকারোক্তি সম্পন্ন হলো। তবে তাদের জবানবন্দিতে কী তথ্য উঠে এসেছে, তা এখনো জানানো হয়নি। পুলিশ বলছে, এসব তথ্য বিশ্লেষণের পরই নিশ্চিত হওয়া যাবে নিহত গৃহবধূর ছেলে সাদ বিন আজিজুর আদৌও এ হত্যাকাণ্ডে জড়িত কি না।  

গত ১০ নভেম্বর বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার জয়পুরপাড়া এলাকায় ‘আজিজিয়া মঞ্জিল’ নামে একটি বাড়ির ডিপফ্রিজ থেকে উম্মে সালমা খাতুনের (৫০) মরদেহ উদ্ধার করা হয়। পরে র‌্যাবের একটি টিম নিহতের ছোট ছেলে সাদকে সন্দেহভাজন হিসেবে আটক করে এবং হত্যায় তার সম্পৃক্ততার দাবি জানায়। তাকে আদালতে উপস্থাপন করে কারাগারে পাঠানো হয়।  

পুলিশ তদন্তের এক পর্যায়ে ঘটনায় নতুন মোড় নেয়। স্থানীয় এক ভাড়াটিয়া মাবিয়াসহ আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়। পরে তারা তিনজনই হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে।  

কোর্ট ইন্সপেক্টর মোসাদ্দেক হোসেন জানান, "আটককৃতরা স্বেচ্ছায় আদালতে জবানবন্দি দিয়েছেন। তবে তাদের বক্তব্যের বিস্তারিত জানা সম্ভব হয়নি। জবানবন্দির লিখিত কপি পাওয়ার পরই পুরো ঘটনা স্পষ্ট হবে।"  

পুলিশ বলছে, তদন্তের ভিত্তিতে আসল ঘটনা উদঘাটন করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এসএ/