ডেস্ক রিপোর্ট

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


১৬ জুলাই ২০২৫ ০৮:৫৭



‘নৌকা’ প্রতীক থাকবে, তবে কেউ ব্যবহার করতে পারবে না: ইসি সচিব

ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

১৬ জুলাই ২০২৫ ০৮:৫৭

‘নৌকা’ প্রতীক থাকবে, তবে কেউ ব্যবহার করতে পারবে না: ইসি সচিব

ছবি: সংগৃহীত

নিবন্ধন স্থগিত থাকা আওয়ামী লীগের দলীয় প্রতীক ‘নৌকা’ নির্বাচন পরিচালনা বিধিমালার তফসিলে সংরক্ষিত থাকবে, তবে এটি কেউ ব্যবহার করতে পারবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ। বিভ্রান্তি এড়াতে প্রতীকটি ইসির ওয়েবসাইট থেকে সরিয়ে নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ে ইসি কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য কমিশনারদের অনানুষ্ঠানিক এক বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য দেন সচিব।

ইসি সচিব বলেন, নৌকা প্রতীক ওয়েবসাইট থেকে সরিয়ে রাখা হয়েছে শুধু বিভ্রান্তি এড়ানোর জন্য। এর বাইরে কোনো কারণ নেই। এ প্রতীক নির্বাচন পরিচালনা বিধিমালার তফসিলে সংরক্ষিত থাকবে। কিন্তু এটা কেউ ব্যবহার করতে পারবে না।

এর আগে ইসির ওয়েবসাইট থেকে নৌকা প্রতীক সরিয়ে ফেলা হয়। এ বিষয়ে ইসি সচিবালয়ের সিস্টেম ম্যানেজার রফিকুল হক জানান, কর্তৃপক্ষের নির্দেশে নৌকা প্রতীকটি সরানো হয়েছে।

এর আগে মঙ্গলবার রাতে ইসিকে উদ্দেশ করে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নিজের ফেসবুক পেজে একটি পোস্ট দেন। তাতে তিনি লেখেন, ‘অভিশপ্ত নৌকা মার্কাটাকে আপনারা কোন বিবেচনায় আবার শিডিউলভুক্ত করতে আইন মন্ত্রণালয়ে পাঠালেন? সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে এই গণ–অভ্যুত্থানকে আপনারা জাস্ট বৃদ্ধাঙ্গুলি দেখালেন। কাদের এজেন্ডা বাস্তবায়ন করতে এবং কাদের দেওয়ার জন্য এই মার্কা রাখছেন আপনারা? পরাজিতদের স্বপ্নের রিফাইন্ড আওয়ামী লীগকে তাদের মার্কা ফিরিয়ে দিতে চান? বাংলাদেশের একজন নাগরিক হিসেবে নির্বাচন কমিশনের প্রতি প্রশ্ন রইল।’

/এসবি