ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
০৩ অক্টোবর ২০২৩ ০১:৫৮
ছবি : সংগৃহীত
গাজীপুরের কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার ওপর হামলা, অফিসে ভাঙচুর ও চারজন কর্মকর্তাকে মারধরের ঘটনায় ঘটনায় আওয়ামী লীগের পাঁচ নেতাকে বহিষ্কার করেছে দলটি।সোমবার (২ অক্টোবর) উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এএইচএম আবু বকর চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে তাদের বহিষ্কার করা হয়।
বহিষ্কৃতরা
হলেন- মোক্তারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হেকিম, সদস্য জাকির হোসেন,
৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য আকরাম হোসেন, ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফয়সাল
ফকির, ২ নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাইদুল।
বহিস্কারের চিঠিতে বলা হয়, গাজীপুর জেলার কালীগঞ্জ পরিষদ চত্বরে অশোভন আচরণ ও বিশৃঙ্খলা সৃষ্টি করে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার কারণে অভিযুক্তদের দল থেকে বহিষ্কার করা হলো।
এদিকে কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এইচএম আবু বকর চৌধুরী জানান, পুরো বিষয়টি আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ দেখছেন, তারাই এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।
এর আগে শনিবার দুপুরে গাজীপুরের কালীগঞ্জের ইউএনও ও উপজেলা পরিষদ চত্বরে যানবাহন পার্কিংয়ে নিষেধ করায় হামলা ও ইউএনও অফিস ভাঙচুর করা হয়। এতে আহত হন উপজেলা ইউএনওর গাড়ি চালক রুবেল হোসেন, বিআরডিবি অফিসের কর্মচারী লিটন আহমেদ, প্রকৌশলী অফিসের কর্মচারী রাসেল মিয়াসহ চারজন। এ সময় ইউএনও লাঞ্ছিত হন।
ওই ঘটনায় পর শনিবার রাতে আনসার সদস্য এনায়েত উল্লাহ বাদী হয়ে ১৫ জনের বিরুদ্ধে সরকারি কর্মকর্তা কর্মচারীদের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের করেন।
জেডএস/